রাজবাড়ীতে চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার প্রধান আসামী “বোতল রানা” গ্রেফতার

রাজবাড়ী সদর থানায় দায়ের হওয়া এক আলোচিত চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলার এজাহারভুক্ত আসামী রানা মিয়া ওরফে “বোতল রানা”কে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের একটি যৌথ টিম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই ২০২৫ দুপুরে রাজবাড়ীর সজ্জনকান্দা এলাকায় সিদ্দিক শেখ (৪৫) নামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে হামলা চালায় একটি চক্র। তারা চাপাতি ও লোহার রড দিয়ে সিদ্দিক শেখকে গুরুতরভাবে আহত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন ১৫ জুলাই রাজবাড়ী সদর থানায় মামলা নং ১৭, ধারা ১৪৩/৪৪৮/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬ এর অধীনে মামলা রুজু হয়। মামলায় বোতল রানা ছাড়াও পুড়া পলাশ, খুর মানিক, কুটি বিশ্বাস ও লাবলু সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে ২৬ জুলাই গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে বোতল রানাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তার দেখানো স্থানে তল্লাশি চালিয়ে হামলায় ব্যবহৃত একটি লোহার রডও উদ্ধার করেছে পুলিশ।

এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত ৫ আসামীর মধ্যে ৩ জন এবং তদন্তে শনাক্ত আরও একজনসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

 

শাহীন মন্ডল / এনএএন টিভি

Share this news as a Photo Card