লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে নাফিজা মোবারক মাদিহা (৮) ও মো. ওমরের (৫) নামে স্কুল পড়ুয়া ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের কামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুই সন্তানকে হারিয়ে তাদের মা-বাবাসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় মুর্ছা যাচ্ছেন শিশুদের মা।
মৃত নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও ওমর প্লে শাখার ছাত্র। তারা কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর ঘাটে গেলে পা পিছলে ওমর পানিতে পড়ে যায়। এ সময় ভাইকে বাঁচানোর জন্য নাফিজাও পানিতে নামে। এতে দুজনেই পানিতে ডুবে যায়। পরে ওমর ও নাফিজাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) খুরশিদ আলম বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক। একসঙ্গে দুটি সন্তানের মৃত্যু খুব বেদনাদায়ক। নিহতদের মা-বাবাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না।’
