দেশের আকাশে আন্তর্জাতিক শকুন উড়ছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশের আকাশে শকুন উড়ছে।

এ শকুন আন্তর্জাতিক শকুন। ওদের জন্য ক্ষেত্র প্রস্তুত করছে ‘৭১ সালের পরাজিত শক্তি।

শামীম ওসমান বলেন,

নির্বাচনের পরিবেশ এখনো ভালো দেখছি। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না। তিনি বাংলাদেশের সম্পদ। কারণ ওদের হাতে গেলে দেশ শেষ হয়ে যাবে।

আজ বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন শামীম ওসমান।

বর্তমান এমপি শামীম ওসমান বলেন,

আমার এলাকায় কোথায় কী ভোট হচ্ছে, আমি জানি না। সকাল থেকে ইবাদতে ছিলাম।

তারপর বাবা, মা ও ভাইয়ের কবর জিয়ারত করেছি। আমরা কমিটমেন্ট করেছিলাম, উৎসবমুখর পরিবেশে ভোট দেব।

আমি আমার নাতিকে নিয়ে ভোট দিতে এসেছি। এই ভোট ওদের ভবিষ্যতের জন্য। ওদের ভবিষ্যৎ শেখ হাসিনা।

তিনি বলেন,

আমাদের ভবিষ্যৎ ছিল জাতির পিতা বঙ্গবন্ধু। তাকে হত্যার পর আমাদের ভবিষ্যৎ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এখনো আগামী প্রজন্মের ভবিষ্যৎকে চূর্ণবিচূর্ণ করার চেষ্টা চলছে।

বিএনপি ও তাদের সমমনা দলগুলোর সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি ওদের রাজনৈতিক দল বলি না।

ওরা আগুন সন্ত্রাসীদের দল। গতকালও আগুন দিয়ে চারজনকে পুড়িয়ে দিয়েছে। এদের রাজনৈতিক দল বললে রাজনীতিবিদদের অপমান হবে।

গতকাল ফতুল্লায় একটি কেন্দ্রে আক্রমণ করার চেষ্টা করেছিল। এলাকার সাধারণ মানুষ ধাওয়া দিয়ে একজনকে ধরে পুলিশে দেয়।

শামীম ওসমান বলেন, আমি দেখেছি, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে মানুষ। মহিলারাও আছে। তবে কিছুটাতো প্রভাব পড়েছেই ট্রেনে আগুন দেওয়ায়৷

তারপর বলল, ভোটকেন্দ্রে আসবে যারা লাশ হয়ে ফিরবে তারা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ একটু ভয় পাবেই। তবে সর্ষের ভেতর ভূত আছে।

যারা নির্বাচন পরিচালনা করছে তাদের ভেতরও ভূত আছে। তারা চাইছে ভোটটা ঘুরাতে। আমি আমার এলাকায় এমন খবর পেয়েছি।

তিনি বলেন, যারা মানুষ মারছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হোন। আল্লাহর রহমতের সঙ্গে কেউ পারে না। আমি আমার দলে খারাপ দেখলে প্রতিবাদ করি।

আপনারাও সাংবাদিক হিসেবে প্রতিবাদ করুন। আমাদের তরুণ প্রজন্ম, আমাদের যুবকেরা এখন সচেতন।

 

এনএএন টিভি