শাশুড়ির ওড়না চুরির অপবাদ দিয়ে স্ত্রীকে মারধরের পর মাথার চুল কেটে দিয়েছেন এক পাষণ্ড স্বামী।
শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল শালগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
আটক স্বামীর নাম- জাহাঙ্গীর আলম। তিনি জয়পুরহাট সদর উপজেলার শালগ্রামের মুমিন হোসেনের ছেলে।
গ্রামবাসী ও নির্যাতিত নারীর স্বজনরা জানান,
সাত বছর আগে জাহাঙ্গীর আলমের সঙ্গে পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের হাতেম আলীর মেয়ে হানিফার বিয়ে হয়।
গেলো কোরবানি ঈদের দিন শাশুড়ি জাহেদার ওড়না (কাপড়) চুরি হয়। তারপর থেকে স্বামী জাহাঙ্গীর আলম স্ত্রী হানিফাকে সন্দেহ করতে থাকেন।
একপর্যায়ে শুক্রবার (২১ জুলাই) রাতে চুরির অপবাদ দিয়ে হানিফাকে স্বামী, শ্বশুর,শাশুড়ি, ননদ মিলে হাত পা বেঁধে মারধরের পর মাথার চুল কেটে দেন।
হানিফা বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মেরে ফেলার ভয় দেখানো হয়। এ ঘটনার পর হানিফা কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
পরে শনিবার দুপুরে পুলিশ গিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
ওড়না চুরির অপবাদ দিয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ মিলে হানিফার চুল কেটে নিয়ে সম্মানহানি করেছে। থানায় মামলা হয়েছে।
তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন :
