রাজধানীর শাহজাদপুরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সদরুল হক (২৮) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) খিলগাঁও কার্যালয়ে কাজ করতেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল চারটার দিকে শাহজাদপুরে এলাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় সদরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান।
অপরদিকে, এ দুর্ঘটনায় মোটরসাইকেলচালক মমিনুর রহমান সামান্য আহত হয়েছেন।তিনি ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেছেন,
“তাঁরা দুজন ডিপিডিসির খিলগাঁও কার্যালয়ে আউটসোর্সিংয়ে কাজ করতেন। দুপুরে অফিস থেকে মোটরসাইকেলে করে যমুনা ফিউচার পার্কে যান।
তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। সেখান থেকে ফেরার পথে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে তাঁরা দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় বাসটি সদরুলের ওপরে উঠে যায়।”
পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে প্রথমে উত্তর বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে সেখান থেকে সদরুলকে ঢাকা মেডিকেলে আনা হয় বলে মমিনুর জানান।
নিহত সদরুলের স্ত্রীর বড় ভাই মামুনুর রশীদ জানিয়েছেন, সদরুলের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলায়।
দুই বছর আগে তাঁর বোন মাকসুদা আক্তারের সঙ্গে সদরুলের বিয়ে হয়। স্ত্রীকে নিয়ে সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন সদরুল।
তাঁরা ঘুরতে ও চিকিৎসার জন্য ভারতে যেতে চেয়েছিলেন। এ জন্য ভারতীয় ভিসা আনতে কুড়িল এলাকায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গিয়েছিলেন।
ভিসা নিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফেরার পথে প্রাণ হারালেন সদরুল।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন,
“সদরুলের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”
