শিবগঞ্জ থেকে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সীমন্তের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ জন সন্দেহভাজন ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইটি প্লাস্টিকের ক্যারেট ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারের পর বিজিবি সদস্যরা ক্যারেট দুটিতে থাকা ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া বিওপি’র বিজিবি সদস্যরা জানতে পারে সীমান্ত ব্যবহার করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন করা হবে। তল্লাশির একপর্যায়ে শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাকস্ট্যান্ডে পরিত্যক্ত অবস্থায় দুইটি প্লাস্টিকের ক্যারেটে এসব বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।

তবে বহনকারী দুইজন ব্যক্তি বিজিবিকে দেখে পালিয়ে যাওয়ায় এসব বিস্ফোরক দ্রব্যের উৎস সম্পর্কে জানা যায়নি।

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এসব ককটেল ও পেট্রোল বোমা আনা হয়েছে বলে তারা ধারণা করছেন।

Share this news as a Photo Card