রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা নয়, সিগারেটের আগুন অথবা মশার কয়েলের আগুন থেকে এই ঘটনা ঘটেছে।
এতে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে ৩০৫ কোটি টাকার। এমন কথাই বলছেন সিটি করপোরেশেনের তদন্ত কমিটি।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।
ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
কমিটির পর্যবেক্ষণ হচ্ছে,
বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেটের কাঠামোগত অবস্থান ও নির্মাণসামগ্রী বিবেচনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পর্যবেক্ষণে অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।
সে কারণে মার্কেটের দোকান মালিক সমিতির পক্ষ থেকে দোকানমালিক, ভাড়াটিয়া, কর্মচারী, নিরাপত্তা প্রহরীসহ সবার জন্য
বৈদ্যুতিক হিটার, মাইক্রোওয়েভ ওভেন, যেকোনো রান্নার চুলা, মশার কয়েল ব্যবহার বা ধূমপানের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা ছিল।
তারপরও শাটার তালাবন্ধ অবস্থায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দোকানটি সরাসরি নিরাপত্তা প্রহরীদের কক্ষের নিচে অবস্থিত।
সাক্ষীদের তথ্যমতে, চতুর্থ তলার নিরাপত্তা প্রহরীদের কক্ষের মেঝে কাঠের তক্তা দিয়ে তৈরি, যাতে মাঝে মাঝে ফাঁকা বা গ্যাপ থাকতে পারে।
সে ক্ষেত্রে মেঝের ফাঁকা দিয়ে দুটি কারণে আগুন লাগতে পারে।
এর একটি হচ্ছে—ওই কক্ষে অবস্থানকারী যেকোনো প্রহরীর ধূমপানের অভ্যাস থাকলে সেখান থেকে মেঝের ফাঁকা দিয়ে তৃতীয় তলায় আগুন যাওয়ার সম্ভাবনা আছে।
অনেক সময় ধূমপায়ীরা সিগারেট/বিড়ি মেঝেতে ফেলে পা দিয়ে সিগারেটের আগুন নেভানোর চেষ্টা করে।
আর দ্বিতীয় কারণ হচ্ছে—তদন্ত কমিটির কাছে সাক্ষীদের ভাষ্যমতে বঙ্গবাজার মার্কেটে মশার উপদ্রব ছিল।
যার কারণে নিরাপত্তা প্রহরীরা মশার কয়েল ব্যবহার করতে পারেন এবং সেই কয়েল থেকেও তৃতীয় তলার এমব্রয়ডারি টেইলার্সে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজারে আগুন লাগে।ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে যায় বঙ্গবাজারের সব দোকান।

Comments are closed.