সুনামগঞ্জে নৌকাডুবি, নিখোঁজ ২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওড়ে নৌকা ডুবিতে ১ শিশু ও ১ বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া থেকে মহেশপুর গ্রামে যাওয়ার পথে ধারাম হাওড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

 পুলিশ জানায়, ছোট ইঞ্জিনচালিত নৌকায় হাওড় পাড়ি দেয়ার সময় ঢেউয়ের আঘাতে নৌকা ডুবে যায়। নৌকা চালকসহ ৩ যাত্রী উদ্ধার হলেও ২ জন নিখোঁজ হয়। ট্রলারের ৫ জন যাত্রী ছিলেন। তিন যাত্রীকে হাওড়ে মাছ ধরার জেলেরা উদ্ধার করলেও নুসরাত আক্তার (৭), শামছুদ্দিন (৬০) নিখোঁজ হন। 

নুসরাতের বাড়ি কান্দাপাড়া ও শামসুদ্দিনের বাড়ি কেশবপুর গ্রামে। এঘটনায় আহত বাবুল মিয়াকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিখোঁজদের উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে ডুবুরি দল ধর্মপাশার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা যায়। ঘটনাস্থলে ধর্মপাশা ফায়ার সার্ভিস ও পুলিশ উপস্থিত রয়েছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, ‘নৌকা ডুবিতে ২ জন নিখোঁজ আছেন। তাদের উদ্ধার করতে ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসছে।’