কুমিল্লার হাসানপুরে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালাবাহী ট্রেনকে যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এর ধাক্কা দেওয়ার ঘটনায় ট্রেনের গার্ড, লোকোমাস্টারসহ রেলের চার কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ওই ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যদের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার হাসানপুর স্টেশনে একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস।
তাতে ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। আহত হন অন্তত পঞ্চাশ যাত্রী।
দেশের দ্রুতগামী ট্রেনের একটি সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকার পথে আসছিল।
পথে কুমিল্লা শহরের আগে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেল স্টেশন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ‘ভুল’ সিগন্যালের কারণে দ্রুতগতির সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে পড়ে।
এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে সজোরে ধাক্কা দিয়ে সেটির উপরে উঠে পড়ে সোনার বাংলা এক্সপ্রেস। কাত পড়ে পড়ে এর পাঁচটি বগি।
ওই দুর্ঘটনার কারণে প্রায় আড়াই ঘণ্টা ঢাকা ও সিলেট থেকে চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুরের ট্রেন চলাচল বন্ধ থাকে।
রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
“ঘটনার পর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের গার্ড আবদুল কাদের, লোকোমাস্টার মো. জসিম উদ্দিন,
সহকারী লোকোমাস্টার মো. মহসিন এবং হাসানপুর স্টেশনের সিনগ্যাল মেইনটেইনার ওয়াহিদকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।”
এছাড়া, চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরানকে আহ্বায়ক করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচ মেরামতের জন্য সোম ও মঙ্গলবার বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস।
আগামী বুধবার থেকে আবার ট্রেনটি যথারীতি চলবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব যাত্রী যাত্রা বাতিল করতে চান, তারা অনলাইনের মাধ্যমেই টিকিট রিফান্ড করতে পারবেন।
