১৫৫ টাকার জন্য হত্যা; আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে পাওনা ১৫৫ টাকা চাওয়ায় দোকানদার রমজান আলী হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর মিস্ত্রিপাড়া মহল্লার আব্দুস সাত্তারের ছেলে নুর আমিন (২৯)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজরামপুর মিস্ত্রিপাড়ায় পাওনা ১৫৫ টাকা চাওয়ায় দোকানদার রমজান আলীর সাথে নুর আমিনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানে থাকা রুটি বানানোর বেলনা দিয়ে রমজানের মাথায় গুরুতর জখম করে নুর আমিন। এসময় স্থানীয়রা আহত রমজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ঘটনার দিন রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রমজান মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই মো. নাজমুল হক নুর আমিনকে অভিযুক্ত করে ওই বছরের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত উভয়পক্ষের শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এই দণ্ড দেন।

এনএএন টিভি