কেন সোনু নিগমের বাড়িতে পুলিশের হানা?

ভারতের কর্নাটক হাইকোর্টের আদেশে জিজ্ঞাসাবাদের মুখে বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। রোববার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য গায়কের বাড়িতে উপস্থিত হয় বেঙ্গালুরুর পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (১৮ মে) দুপুরে পুলিশের একটি দল উপস্থিত হয় সোনুর বাড়িতে। আভালাহাল্লির থানার ইন্সপেক্টর ও দুই অফিসার সোনুকে বেশ কয়েকটি প্রশ্ন করেন এবং গায়কের দেয়া বয়ান ভিডিও রেকর্ড করেন।

জানা যায়, সোনুর বিরুদ্ধে করা এফআইআর দায়েরের জেরেই গায়কের বয়ান রেকর্ড করা হয়েছে। বয়ান রেকর্ডের সময় সোনু এফআইআর সম্পর্কিত প্রশ্নগুলোর স্পষ্ট জবাব দেন।

ঘটনার শুরু বেঙ্গালুরুর বীরনগরের একটি কলেজে। সেখানে গত ২৫ এপ্রিল আয়োজিত একটি সঙ্গীত অনুষ্ঠানে এক ভক্ত কন্নড় ভাষায় গান করতে অনুরোধ করেন গায়ককে। তখন সোনু পহেলগামের প্রসঙ্গ টেনে এনে ওই ভক্তকে তিরস্কার করেন।

সোশ্যাল মিডিয়ায় সে মুহূর্তের দৃশ্য ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক ভক্ত সোনুকে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য রীতিমতো হুমকি দিচ্ছেন। এ ঘটনায় মেজাজ হারিয়ে সোনু বলেন, ‘কন্নড়, কন্নড়, কন্নড়, সেই কারণেই পহেলগামে ওই দুর্ঘটনা ঘটেছে।’

এ মন্তব্য ‘কুলাদাল্লি কিলিয়াভুডো’ সিনেমার নির্মাতা কে রামনারায়ণের কানে পৌঁছালে তিনি সংবাদমাধ্যমে জানান, গায়ক সোনুর এমন মন্তব্য কন্নড়দের অপমান করেছে। তাই কন্নড় একটি সিনেমা থেকে সোনুর গাওয়া গান সরিয়ে ফেলবেন তিনি।

এনএএন টিভি

Share this news as a Photo Card