৮০ মিলিমিটার বৃষ্টিতে রাজধানী ঢাকার অধিকাংশ সড়ক ডুবল, ভোগান্তিতে কর্মজীবীরা

মাত্র তিন ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিতে রাজধানী ঢাকার অধিকাংশ সড়ক ডুবে গেছে। মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) ভোর থেকে নামা মুষলধারে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষেরা। বাসসহ বিভিন্ন পরিবহন কম চলাচল করছে। পাশাপাশি সড়কে পানি জমে থাকায় তৈরি হয়েছে যানজট।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ডিবিসি নিউজকে জানান, রাত থেকে সকাল ৬টা পর্যন্ত ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মূলত এই তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমেছে।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে তৈরি হয়েছে জলজট। এতে সড়কে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম গেছে। ভোগান্তিতে পড়ছেন ঘর হতে বাইরে বের হওয়া রাজধানীর মানুষজন। বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষা করলেও বাসের দেখা মিলছে না। আবার অনেকক্ষণ পরপর বাস পাওয়া গেলেও ভিড় প্রচুর।

মঙ্গলবার সকালে মিরপুর, রামপুর, উত্তরা, টঙ্গী, হাউজবিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী ও জসীমউদ্দিন, ধানমন্ডি, শ্যামলীসহ প্রায় সব এলাকায় এমন অবস্থা দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে যাওয়ায় কিছুটা গণপরিবহনের সংখ্যা বেড়েছে। তবে যানজটে নাকাল হতে হচ্ছে মানুষদের।

বাসের অপেক্ষায় থাকা যাত্রীরা জানান, দীর্ঘ সময় পরপর গাড়ি আসলেও সবগুলোতেই প্রচণ্ড ভিড়ের কারণে ওঠা যাচ্ছে না। মেয়েদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। কোথাও কোথাও সড়কে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে ভয়াবহ যানজট তৈরি হচ্ছে।

এদিকে বৃষ্টির তথ্য বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া বৃষ্টির ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।