পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের খানপুর সরদারপাড়া এলাকায় অবস্থিত বাইতুল আমান জাহেদ আলি সরদার জামে মসজিদ-এ পরিচালনা কমিটি ঘোষণা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি, রোজ শুক্রবার বাদ আসর থেকে শুরু হয়ে এ আয়োজন ইফতারের পূর্বমুহূর্ত পর্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন পরিচালনা কমিটির ঘোষণা দেওয়া হয়। এই প্রথম খানপুর সরদারপাড়া এলাকাবাসীর উদ্যোগে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাফেজ হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম। তিনি একইসঙ্গে মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিয়োজিত রয়েছেন। তাঁর নেতৃত্বে মসজিদের ধর্মীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত মুসল্লিরা।
১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওহিদুল ইসলামের ও বিশেষ বক্তা হযরত মাওলানা মহিবুল্লাহ সাহেবের উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা হযরত মুফতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল আল মুমিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা রায়হান এবং কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ উজ্জ্বল দায়িত্বপ্রাপ্ত হন।
ইফতার ও দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
আলভী, অনিক, সাইফুল, রুপক, সমির ও তাসকিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
পবিত্র রমজানের এই আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় অনুপ্রেরণা লক্ষ্য করা যায়। নতুন কমিটির মাধ্যমে মসজিদের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।
এনএএন টিভি / এম এ মায়াজ খান
