নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কাজলকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার রাত ১১টার দিকে কোতালেরবাগ মাদ্রাসা মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামরুল ইসলাম কাজল ফতুল্লা থানার কোতালেরবাগ এলাকার শফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে হত্যা ও একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স নিয়ে কোতালেরবাগ মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে কাজলকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, কাজল নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে হত্যা এবং একাধিক মামলা রয়েছে।
