নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেকের পানি থেকে অজ্ঞাত এক নারীর (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) সকালে পূর্বাচলে কাঞ্চন- কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় ৪ নম্বর সেতুর নিচে লেকের পানি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলের হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে লেকের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরেদহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা রাতের যেকোন সময় হত্যা করে লেকের পানিতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাছাড়া ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানা গেছে।
