রূপগঞ্জে ফের গিয়ার গ্রুপের তাণ্ডব; আহত ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বসতবাড়িতে থাকা একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে গিয়ার গ্রুপের সদস্যরা।

এ সময় ওই বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের খালপার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-ওই এলাকার মহিন খান, মহিন খানের স্ত্রী টুম্পা বেগম, ছোট ভাই শাকিল, শাকিলের স্ত্রী সুমি বেগম ও চাচি মনুফা আক্তার।

 

আহত মহিন জানান, ওইদিন বিকালে একদল কিশোর তার বাড়ি থেকে একটি মুরগি ধরে নিয়ে যায়।

পরে মুরগিটি ফিরিয়ে দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হয়। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে চলে যায়।

পরে রাতে শামীম, ইয়াসিন, নাদিম, সাত্তারসহ ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।

বাধা দিতে গেলে স্ত্রী টুম্পা, ছোট ভাই শাকিল, শাকিলের স্ত্রী সুমি ও তার চাচিকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করা হয়।

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এলাকাবাসীর ভাষ্য, তারা কখনোই এসব বাহিনীর জন্য শান্তিতে থাকতে পারেন না।

মেয়েদের ইভটিজিং, বাড়ি করার সময় চাঁদাসহ নানা রকম নির্যাতন সহ্য করতে হয়। এদের প্রত্যেকের কাছে সুইচ গিয়ার চাকু থাকে।

আবার তারাই তাদের গ্রুপের নাম দিয়েছে গিয়ার গ্রুপ। পুলিশ এই গ্রুপের প্রধান মাসুম বিল্লাহকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

জেলহাজতে থাকাকালীন একটু শান্তিতে ছিল তারা। কিন্তু কিছু দিন পরে জামিনে চলে এলে ফের তাণ্ডব শুরু হয়।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন :