নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীকে মাসুদা জামান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে ফলাফল গণনার পর মাসুদা জামানকে বিজয়ী ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। মাসুদা জামান ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের স্ত্রী।
তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মাসুদা জামান চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৯৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজিব সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬২৮ ভোট এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৭৭ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বলছে, ইউনিয়নটির ৯টি কেন্দ্রে ১২ হাজার ৭৫৫ জন ভোটারের মধ্যে ৯ হাজার ১৬৬ জন ভোট দিয়েছেন। ১৬৩টি ভোট বাতিল হয়েছে। ৭১ দশমিক ৮৬ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স, র্যাব, বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, চর আড়ালিয়া ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটগণনা শেষে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদা জামানকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

Comments are closed.