আশুগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরচারতলা গ্রামের কেচকির বাড়ির লোকজনের সঙ্গে একই এলাকার আক্কারের বাড়ির লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আক্কারের বাড়ির কবির মিয়া ও কেচকির বাড়ির আল-আমিনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

এরপর রাতেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, পরবর্তী সহিংসতা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি।

 

এনএএন টিভি

 

Share this news as a Photo Card