কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকাল পৌনে সাতটার দিকে পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকের চালক আনিস ও হেলপার রতনের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথর নিয়ে একটি ট্রাক ফরিদপুরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া বাইপাস সড়কে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ট্রাকটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করে। পরে পাথর সরিয়ে রতনের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ট্রাকে কোনো যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় চালক আনিসের মরদেহ কেবিন থেকে টেনে বের করা হয়। পরে ট্রাক থেকে পড়ে যাওয়া পাথর সরিয়ে হেলপার রতনের মরদেহ উদ্ধার হয়।
