চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নিজ নিজ ব্যাংক হিসাবে জমা দেওয়ার জন্য পে-অর্ডার প্রদান করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে শিক্ষার্থীদের হাতে এসব পে-অর্ডার তুলে দেন জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নাছিমা আক্তার, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, জান্নাত ও সাদিয়া আক্তারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
