ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ওই জরুরি সভা শুরু হয় বুধবার সকাল ১০টার দিকে। উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ের এই সভা হয়।

এর আগে, সকাল সাড়ে ১০ টার দিকে রেজিস্ট্রার ভবনে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হলেও, কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ হয়। পরবর্তীতে উপাচার্যের বাসভবনে দ্বিতীয় দফার বৈঠকে আসে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত।

এরইমধ্যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ। ছাত্র রাজনীতি আর থাকবে না- এই মর্মে লেখা ভিন্ন ভিন্ন বিবৃতিতে স্বাক্ষর করেছেন হলের প্রভোস্টরা। মধ্যরাত থেকে এ ঘোষণা দেওয়া শুরু হয়েছে।

গত কদিন ধরেই ঢাকাসহ সারা দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। সোমবার সংঘর্ষ হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।
এদিকে, মঙ্গলবার দিনভর সহিংসতার পর দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দেয় ইউজিসি।

এরই মধ্যে, রাজশাহী বিশ্বিবদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

এনএএন টিভি