তৃতীয় লিঙ্গ সেজে চাঁদাবাজি করার অভিযোগে গ্রেফতার ৮

রাজধানীতে তৃতীয় লিঙ্গ সেজে চাঁদাবাজি করার অভিযোগে আট ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) দুপুরে মিরপুর টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা সবাই পুরুষ। কিন্তু তারা তৃতীয় লিঙ্গ সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিলেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১),

মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০),

মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) ও মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন জানান,

গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গ সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিলেন। জনৈক তৃতীয় লিঙ্গের পাপ্পু তাদের গুরুমাতা।

এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং তৃতীয় লিঙ্গ সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হয়।

গ্রেফতার ব্যক্তিদের কারো বাড়ি লক্ষ্মীপুর, কারো সিরাজগঞ্জ, কারো পাবনা, কাউকে আবার আনা হয়েছে ময়মনসিংহ থেকে।

তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও রয়েছে। কিন্তু তবুও তারা তৃতীয় লিঙ্গ সেজে চাঁদাবাজি করছিলেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামে এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করেন আটক ব্যক্তিরা।

তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন।

পরে তাওহীদ আলী ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে বলেও জানান মোহাম্মদ মোহসীন।

এনএএন টিভি