দিনাজপুরে আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর আগুনে পুড়ল

দিনাজপুরের খানসামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরসহ গবাদিপশু পুড়ে গেছে। সংবাদ পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাটের পূর্বপাশে আশ্রয়ণ পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, আশ্রয়ণের এক ব্যক্তির ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশ্রয়ণের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এতে আগুনে আশ্রয়ণের ১০টি ঘর পুড়ে ভস্মীভূত হয়। আগুনে পুড়ে ১০টি গবাদিপশুও মারা যায়। সংবাদ পেয়ে খানসামা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ কমল রায় জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজউদ্দিন বলেন, প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনা খাবারের প্যাকেট ও কম্বল বিতরণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card