চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চাঁদাবাজির মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ ‘বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫), ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, চকবাজার থানার চাঁদাবাজির মামলায় আসামি ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরও বলেন, চকবাজার থানার অন্য একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন ছিল। আদালত শুনানি শেষে চাঁদাবাজির মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এদিকেকড়া নিরাপত্তার মধ্য দিয়ে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় পুলিশি নিরাপত্তা। শুনানি শেষে তাকে নিয়ে যায় পুলিশ। এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল। চট্টগ্রাম জেলা পুলিশ দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।
