নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত দুটি সেতুর নির্মাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান নেতিবাচক আলোচনা ও বিভ্রান্তি নিরসনে মুখ খুলেছেন আবুল কাওসার আশা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দুটি সেতুর উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন এবং স্থানীয় উন্নয়নের স্বার্থে উভয় সেতুই নির্মাণ করা সময়ের দাবি।
তিনি জানান, ৫ নম্বর ঘাট এবং নবীগঞ্জ খেয়াঘাট—এই দুই স্থানে প্রস্তাবিত সেতু দুটির ধরন ও ব্যবহারের উদ্দেশ্য ভিন্ন। ৫ নম্বর ঘাট দিয়ে যে সেতুটি হওয়ার পরিকল্পনা রয়েছে, সেটি মূলত হালকা যানবাহন চলাচলের উপযোগী করে তৈরি করা হবে; ওই পথ দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে না।
অন্যদিকে, নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে যে সেতুটি হওয়ার কথা রয়েছে, সেটি অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। এটি নির্মিত হলে ঢাকা থেকে প্রস্তাবিত বাইপাস সড়কের সঙ্গে সংযোগ স্থাপিত হবে। এর মাধ্যমে নবীগঞ্জের ওপর দিয়ে কাইকারটেক হয়ে সোনারগাঁও পর্যন্ত বাইপাস সড়কটি সম্প্রসারিত হবে, যা চট্টগ্রামের সাথে যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিষয়টিকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে আবুল কাওসার আশা বলেন, “দুটি সেতুর ধরন এবং উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। কোনো ধরনের ভিত্তিহীন মন্তব্য বা ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করার কোনো মানে নেই। আমাদের উন্নয়নের স্বার্থে এই দুটি সেতুরই প্রয়োজন রয়েছে এবং ইনশাআল্লাহ, দুটি সেতুই নির্মিত হবে।”
উন্নয়নমূলক প্রকল্প নিয়ে জনমনে বিভ্রান্তি না ছড়িয়ে গঠনমূলক আলোচনার আহ্বান জানান তিনি। স্থানীয়দের প্রত্যাশা, সেতু দুটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের যোগাযোগ ও অর্থনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
