নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা আশেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম ভাতিজা নূর হাবিব সুমনকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান। সোমবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশেদ আলী পানিহারা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃত নূর হাবিব সুমন একই গ্রামের নূর আলমের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই বাড়িতে পরিবারের সবাই বসবাস করেন। সকালে আশেদ আলী গরুকে পানি খাওয়াচ্ছিলেন। অন্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। একটি ছোট বিষয়কে কেন্দ্র করে আশেদ আলী ও সুমনের বাগবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে সুমন রাগান্বিত হয়ে হাঁসুয়া দিয়ে পেছন থেকে চাচার মাথায় উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে চাচা আশেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, চাচার সাথে আমাদের কোন বাগবিতণ্ডা নেই। আমরা একই বাড়িতে সবাই মিলেমিশে থাকতাম। কি কারণে এমন ঘটনা ঘটলো তা আমরা বুঝতে পারছি না।
ভিকটিম নূর হাবিব সুমনের দাবি, তাঁকে কালো জাদু করা হয়েছিল। এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
মোঃ ইমরান ইসলাম / এনএএন টিভি
