বিশ্ব আলোকচিত্র দিবসে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের সভা

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আরিফ আলম দিপু।
এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।
সূচনা বক্তব্যে নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক প্রণব কৃষ্ণ রায় বলেন, ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফ্রান্সে কয়েকজন ফটোগ্রাফার উদ্যোগী হয়ে বিশ্বে ফটোগ্রাফি কার্যক্রমকে বেগবান করতে বিশ্ব ফটোগ্রাফি দিবস ঘোষণা করে। এরপর থেকে গোটা পৃথিবীতে তা পালন করা হয়। বাংলাদেশে এ বছর এ দিবস ব্যাপকভাবে পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, ফটোগ্রাফ খুব শক্তিশালী মাধ্যম। যার ভাষা সমাজের সব শ্রেণীর মানুষ বুঝতে পারে। কালের পরিবর্তনে আধুনিক ফটোগ্রাফি গোটা বিশ্বকে এক করে দিয়েছে। হাতে থাকা ডিভাইসের মাধ্যমে ছবি তুলে মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া যায়। নারায়ণগঞ্জের কিছু ফটোগ্রাফার আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তারা বলেন, তবে আন্তর্জাতিকভাবে তারা সম্মানিত হলেও স্থানীয়ভাবে অবহেলিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির আহ্বায়ক জামিরুল হক নিপু, আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হাসান, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের সদস্য সচিব আহাম্মদ শরীফ পারভেজ, সদস্য রফিকুল ইসলাম রুমন, মুহাম্মদ ইউসুফ আলী প্রধান, মোহাম্মদ রাশিদ চৌধুরী, মো. সাইফুল ইসলাম, এম এ সুমন প্রমুখ।

 

পারভেজ শরীফ/ এনএএন টিভি