এশিয়া কাপের দল নিয়ে বিতর্ক থামছেই না ভারতে। বিশেষ করে টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে শ্রেয়াস আইয়ারের জায়গা না হওয়ায়। স্বীকৃত টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় ব্যাটারে দল জায়গা পাওয়া উচিত ছিল বলে জানান রবিচন্দ্রন অশ্বিনসহ আরো অনেকে।
ছেলে শ্রেয়াসকে টি-টোয়েন্টি স্কোয়াডে দেখতে না পেরে হতাশ হয়েছেন সন্তোষ আইয়ার।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানান, আর কী করলে দলে সুযোগ পাবে সে। তিনি বলেছেন, ‘জানি না, ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেতে হলে শ্রেয়াসকে আর কী করতে হবে। বছরের পর বছর আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছে। দিল্লি ক্যাপিটালস, থেকে কলকাতা নাইট রাইডার্স, সর্বশেষ পাঞ্জাব কিংসে অধিনায়কত্বও করেছে সে।
“পাঁচ জন রিজার্ভ খেলোয়াড়ের মধ্যেও শ্রেয়াসের নাম নেই এবং এটা অবাক করার মতো। এটা বোধগম্য যে, একাদশে খেলাতে পারবেন না, তাই আপনারা (নির্বাচকরা) তাকে ১৫ জনের মধ্যে রাখতে পারেননি এবং ব্যাকআপ হিসেবে লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের চেয়েছেন, যেখানে শিভাম দুবে আছে, রিঙ্কু সিংকে আরেকটি সুযোগ দেওয়া হবে, যা ঠিক আছে।”
“তবে অন্তত রিজার্ভ খেলোয়াড়দের মধ্যে একটি জায়গা তৈরি করা যেত, যেখানে ধ্রুভ জুরেল, ইয়াশাসভি জয়সওয়াল ও প্রাসিধ কৃষ্ণাকে রেখেছেন। শ্রেয়াসের নাম সেখানে থাকতে পারত, কিন্তু সেখানেও রাখেননি। এটা কোনো ভালো বার্তা দেয় না। শ্রেয়াসকে নিয়ে স্পষ্টতা একেবারেই নেই।”
দল ঘোষণার সংবাদ সম্মেলনে শ্রেয়াসকে না রাখার একটি ব্যাখ্যা দেন ভারতের প্রধান নির্বাচক আজিত আগারকার।
“শ্রেয়াসের কথা বলতে গেলে, আমাদের বলতে হবে যে, কার জায়গায় তাকে রাখা হতো। আবারও বলছি, তার কোনো দোষ নেই, আমাদেরও নেই। আমরা কেবল ১৫ জনকে বেছে নিতে পারি এবং এই মুহূর্তে তাকে তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।”
গত মার্চে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন শ্রেয়াস। আকাশ চোপড়ার বিশ্বাস, ওয়ানডেতে পারফর্ম করে গেলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেন এই ব্যাটসম্যান।
“শ্রেয়াস আইয়ারের দলে না থাকাটা বড় বিষয়। শ্রেয়াস আইয়ারের আর কী করার আছে? তুমি ইতোমধ্যে যা করেছো, তার চেয়ে আর কী তুমি করতে পারো? তুমি আইপিএল মৌসুমে ৬০০ এর বেশি রান করেছো, দলকে ফাইনালে তুলেছো, সৈয়দ মুশতাক আলি ট্রফিতে রান করেছো, রাঞ্জি খেলেছো ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছো। মানুষ হিসেবে তুমি এটুকুই করতে পারো।”
“এটা এশিয়া কাপের দল। বিশ্বকাপকে এর সঙ্গে জড়িয়ে ফেলা যাবে না, কারণ এরপর ১৫টি টি-টোয়েন্টি আছে। ১৫টি টি-টোয়েন্টিতে পৃথিবী বদলে যায়। যদি সে ওয়ানডেতে রান করতে থাকে, তাহলে আজ হোক বা কাল, শ্রেয়াস আইয়ার দলের অংশ হবে। আমার দৃঢ় বিশ্বাস, শ্রেয়াস আইয়ার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অংশ হবে।”
আরেক সাবেক ভারতীয় ব্যাটসম্যান রবিন উথাপ্পা সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, টি-টোয়েন্টি দলে থাকা শ্রেয়াসের প্রাপ্য।
“পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের ১৮টির মতো টি-টোয়েন্টি বাকি আছে। শ্রেয়াস আইয়ার, যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সাহায্য করেছিল, তার না থাকাটা অদ্ভুত লাগছে। তবে আশা করা যেতে পারে, শিগগিরই সে এই দলে আসবে, কারণ এটা তার প্রাপ্য। আশা করি, তারা (নির্বাচকরা) তাকে তার বাদ পড়ার বিষয়ে জানিয়েছে।”
শ্রেয়াসকে এশিয়া কাপের দলে না রাখা নিয়ে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন এবং সাবেক দুই স্পিনার রাভিচান্দ্রান অশ্বিন ও হারভাজান সিংও বিস্ময় প্রকাশ করেছেন।
টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে।
