নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আবদুল আলিম (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন।
সোমবার (১০ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল আলিম হবিগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়,
সোমবার (১০ জুলাই) ভোরে হবিগঞ্জের বাসিন্দা ইমরান দুবাই থেকে দেশে আসেন।
তাকে নিয়ে আসার জন্য মাইক্রোবাসে করে পরিবারের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায়।
পরে তাকে নিয়ে হবিগঞ্জে আসার পথে মাইক্রোবাসটি ঢাকা- সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটা এলাকায় পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা
ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।
পরে নরসিংদী পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে দুর্ঘটনার সংবাদ পেয়ে নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
এ সময় মাইক্রোবাসের ভিতরে আটকা থাকা চালক আবদুল আলিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হলে তা নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু খায়ের বলেন,
মাইক্রোবাসটিতে চালকসহ ৪ জন যাত্রী ছিলেন। চালক মারা গেলেও বাকিরা তেমন আঘাত পায়নি। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, ঘাতক বাসচালক পালিয়ে গেলেও বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments are closed.