রাজশাহীতে আগামী ১৫ মে থেকে মৌসুমি আম বাজারে আসতে শুরু করবে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন বাগান থেকে বিভিন্ন জাতের আম পাড়ার সময় নির্ধারণ করে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে।
রোববার (১০) মে বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণ নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে সকল প্রকার গুটি আম সংগ্রহ শুরু হবে। ২২ মে থেকে পাড়া শুরু হবে গোপালভোগ আম। এছাড়া রাণীপছন্দ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ও ফজলি জাতের আম বাজারে আসবে ১৫ জুন থেকে।
জেলা প্রশাসক জানান, আমচাষী, ব্যবসায়ী ও কৃষি অফিসের সমন্বয়ে ম্যাঙ্গো ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। কেউ যাতে অপরিপক্ক আম বাজারজাত করতে না পারে সেজন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের আগে কেউ বাগান থেকে আম সংগ্রহ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
