নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যা নদীর বিভিন্ন ঘাটে জমে থাকা ময়লা-আবর্জনার স্তুপে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা, ভুলতা, গোলাকান্দাইলসহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে এবং নদীর তীরবর্তী ঘাটগুলোতে বর্জ্যের স্তূপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ।
স্থানীয়রা জানান, আশপাশের শিল্পকারখানা, হাট-বাজার ও বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় খেয়াঘাট ও নদীর তীরে ফেলা হচ্ছে। এতে বৃষ্টির সময় আবর্জনা ছড়িয়ে পড়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে।
সরেজমিনে দেখা গেছে, মুড়াপাড়া, কাঞ্চন ও তারাবো এলাকার ঘাটগুলোতে ময়লার স্তূপ জমে ছোট পাহাড়ের আকার নিয়েছে। প্রতিদিন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহ করে এসব স্থানে ফেলছেন বলে অভিযোগ রয়েছে।
দুর্ভোগে সবচেয়ে বেশি পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীরা। দুর্গন্ধ এড়াতে অনেককে নাকে-মুখে রুমাল চেপে চলাচল করতে দেখা গেছে। এছাড়া ময়লা থেকে মশা-মাছির উপদ্রব বাড়ছে এবং নদীর পানিও দূষিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা দ্রুত আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পর্যাপ্ত ডাম্পিং ব্যবস্থার অভাবে সমস্যা তৈরি হলেও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
