লিফটের ফাঁকা দিয়ে নিচে ফেলে শ্রমিক লীগ নেতাকে হত্যা

রাজধানীর বাড্ডা সাঁতারকুলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা দিয়ে ফেলে দিয়ে অপু ইসলাম (৩৫) নামে এক শ্রমিক লীগ নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বাড্ডা সাঁতারকুল উত্তর পাড়ার স্থায়ী বাসিন্দা অপুর বাবার নাম মৃত সোহরাব আলম। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

নিহত অপুর খালাতো ভাই দীপু হাসান জানান,

‘বর্তমানে ৪১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের আহ্বায়ক অপু।

শুক্রবার (০৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে সাঁতারকুল শান্তিপাড়া আশরাফ আলী রোডের মাস্টার কমপ্লেক্সের সামনে আইইউবির শিক্ষার্থীর সাথে অপুর তর্কাতর্কি হয়।

পরে ওই শিক্ষার্থীরা তাকে ধরে নির্মাণাধীন ভবনটির ষষ্ঠ তলায় নিয়ে যায়।

সেখানে তাকে মারধর করে। একপর্যায়ে লিফটের ফাঁকা দিয়ে নিচে ফেলে দেয় তাকে।

তিনি আরও জানান,

‘খবর পেয়ে স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।’

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস শাকুর জানান,

‘শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টার মধ্যে অপুর সাথে কয়েকজনের মারামারির ঘটনা ঘটে।

একপর্যায়ে নির্মাণাধীন সাততলা ভবনের ষষ্ঠ তলা থেকে তাকে ফেলে দেয়। স্বজনরা খবর পেয়ে তাকে হাসপাতালে নিলে রাত সোয়া ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।’

এদিকে, বাড্ডা থানার ওসি আবুল কালাম জানান,

‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন ছাত্র অপু নামে ওই ব্যক্তিকে নির্মাণাধীন ভবন থেকে ফেলে দিয়ে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

এনএএন টিভি