শিশুবক্তা মাদানীর জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত

‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে ২ এপ্রিল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এ আদেশের ফলে আপাতত কারামুক্তি পাচ্ছেন না তিনি।

গতকাল রবিবার রফিকুলের ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিন স্থগিতের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী গণমাধ্যমকে বলেন,গাজীপুরের গাছা থানার মামলায় রফিকুলের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

এ মামলায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে। অন্য তিনটি মামলায় তার জামিন বহাল রেখেছেন আদালত।

এক মামলায় জামিন স্থগিত হওয়ায় তিনি কারামুক্তি পাচ্ছেন না।

গত ২৯ মার্চ ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না, এ শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২০২১ সালের ৭ এপ্রিল রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব।

একই বছরের ৮ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক।

এরপর গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায়ও ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card