দেশজুড়ে চলমান বৃষ্টির প্রবণতা আরও তিনদিন অব্যাহত থাকতে পারে।
রোববার (১৩ আগস্ট) সকাল থেকেই ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে দিনভরই বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার দেশের আট বিভাগেই বৃষ্টি হয়েছে। শ্রীমঙ্গল, মাইজদীকোর্ট, খুলনা ছাড়াও সারাদেশেই বৃষ্টি হয়েছে।
সবচেয়ে বেশি ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। গত রাতে ঢাকায় ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শনিবার সন্ধ্যার পর ঢাকায় ভারী বৃষ্টি হয়েছে। এরপর রোববার ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি।
বৃষ্টির কারণে দুর্ভোগে পড়ে অফিসমুখী নগরবাসী, একই সঙ্গে স্কুলগামী ছাত্রী-ছাত্রীরাও বিপাকে পড়ে।
সকাল থেকে বৃষ্টি থাকায় অফিসগামী অনেকে ছাতা নিয়ে কিছুটা ভিজেই অফিসের পথ ধরেন।
বৃষ্টির কারণে কোনো কোনো সড়কে যানবাহনের সংখ্যা কম ছিল। আবার কোথাও কোথাও যানবাহন থাকলেও যাত্রী ছিল না।
গত রাত এবং সকালের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়ক জলমগ্ন হয়ে পড়েছে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান,
‘মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।’
‘রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং
রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’
‘সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারি বর্ষণ হতে পারে।’
ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন —
