নোয়াখালীর সেনবাগে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক তরুণী (২৩)।
বৃহস্পতিবার (১০ আগস্ট) ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত করে তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-৫।
উপজেলার মাহাতাবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং এক সময় প্রবাসী ছিলেন ওই বাবা।
শুক্রবার (১১ আগস্ট) সেনবাগ থানার ভারপ্রাপ্ত (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্র জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর ওই তরুণীর মা বাবাকে (তরুণীর নানা) দেখতে বাপের বাড়ি যান। তখন ওই তরুণী বাড়িতে একা ছিলেন।
এ সুযোগে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে ভিকটিমকে ঘুমের ওষুধ খাইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন তার বাবা।
মামলার এজাহারে আরও বলা হয়, ওই তরুণীর স্বামী বিদেশে থাকেন। এ কারণে তিনি বাবার বাড়িতেই থাকতেন।
ঘটনার পর থেকে তার বাবা বিষয়টি নিয়ে মুখ না খুলতে তাকে চাপ দেন এবং ভয়ভীতি দেখান। তার বাবা বিকৃত মানসিকতার বলে মন্তব্য করেন ওই তরুণী।
এ সময়ে তার বাবার দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি চান তিনি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান,
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বাবাসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
তরুণীকে জবানবন্দি রেকর্ডের জন্য নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন : ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া!
