লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে কোচিং পরিচালক রাসেল আহম্মেদকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রাম থেকে রাসেলকে আটক করা হয় এবং তার দেয়া তথ্যমতে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
আটক রাসেল (৩০) একই এলাকার আতোয়ার আলীর ছেলে।
অভিযোগপত্র ও থানা সূত্রে জানা যায়, গত রোববার (১৮ ডিসেম্বর) ওই ছাত্রীকে অপহরণ করেন রাসেল।
মোটরসাইকেলে রাতেই ওই ছাত্রীকে হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া এলাকার এক আত্মীয়ের বাড়িতে রেখে আসেন তিনি।
পরদিন ওই ছাত্রীর বাড়ির লোকজন কোনো খোঁজ না পেয়ে কোচিং পরিচালক রাসেলের বাড়িতে যান। সেখানেও কোনো সন্ধান মেলেনি।
সোমবার (১৯ ডিসেম্বর) রাসেলের বিরুদ্ধে আদিতমারী থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর বড় ভাই।
অভিযোগটি আমলে নিয়ে আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে রাতে প্রথমে রাসেলকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে।
এরপর হাতীবান্ধা থানা পুলিশের সহায়তায় দৈখাওয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রাসেলকে আটকের পর তার দেয়া তথ্যমতে ওই ছাত্রীকে উদ্ধার করে পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আটক রাসেলকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
