রংপুর অঞ্চলে চলতি ২০২২-২৩ অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩৩২ কোটি টাকা, যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি। গত অর্থবছরে রংপুর অঞ্চলে রাজস্ব আদায় হয়েছিল ৬৯৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর আঞ্চলিক কার্যালয়ের কমিশনার সুরেন্দ্র কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, রংপুরের উন্নয়নে ব্যবসায়ীদের অবদান রয়েছে। দেশের অন্যান্য জেলার চেয়ে এখানকার ব্যবসায়ীরা ভ্যাট-ট্যাক্স প্রদানে এগিয়ে আছে।
রাজস্ব প্রদানের হিসাব কষলে আমরা কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য কাঙ্ক্ষিত বরাদ্দ পাচ্ছি না উল্লেখ করে মেয়র বলেন, সমউন্নয়ন নিশ্চিত করতে হলে রংপুরে উন্নয়ন বরাদ্দ বাড়াতে হবে।
আলোচনাসভায় ব্যবসায়ী নেতারা জানান, রংপুর অঞ্চলের ব্যবসার ধরন অনুযায়ী ব্যবসায়ীবান্ধব ভ্যাট ও করনীতির বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় আরও বাড়বে। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণেও আরও বেশি দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মো. আবদুল আলীম মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. ফজলুল কবীর, রংপুর কর অঞ্চলের কমিশনার শাহীন আক্তার হোসেন, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান প্রমুখ।
২০২২-২৩ অর্থবছরে রংপুর অঞ্চলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮৩ কোটি টাকা।
