বৈদেশিক বাণিজ্যের আড়ালে প্রতিবছর দেশ থেকে পাচার হচ্ছে আট বিলিয়ন ডলার।
নানা ফাঁকফোকরে দেয়া হচ্ছে রাজস্ব ফাঁকিও। এসব বন্ধে উন্নত বিশ্বের মতো ডিজিটাল মুদ্রা চালুর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা।
সোমবার (৮ মে) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ডিজিটাল মুদ্রা চালুর সম্ভাব্যতা বিষয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তারা।
অর্থনীতিবিদরা বলেন, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছয় বছরে দেশ থেকে পাচার হয়েছে ৫০ বিলিয়ন ডলার।
এর বাইরে অভ্যন্তরীণ বাণিজ্যের নানা কৌশলে দেয়া হচ্ছে রাজস্ব ফাঁকি।
এছাড়া দেশে চার কোটি মানুষ আয়কর দেয়ার উপযুক্ত হলেও বাস্তবে দিচ্ছেন মাত্র ১২ লাখ।
এছাড়া দেশের মোট জিডিপির আকার প্রায় ৪৬৫ বিলিয়ন ডলার উল্লেখ করে বক্তারা বলেন, এর মধ্যে ৩২ শতাংশই অপ্রদর্শিত অর্থনীতি।
তাই পাচার রোধে লেনদেনে ডিজিটাল মুদ্রা চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। এতে লেনদেন হবে দ্রুত ও নিরপদ। কমবে খরচও।
ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ বলেন,
সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) ব্যবস্থা চালু হলে আমদানি রফতানি বাণিজ্যে অর্থপাচার ও রাজস্ব ফাঁকি দেয়ার সুযোগ থাকবে না।
সভায় আরও জানানো হয়, প্রতিবেশী দেশ ভারত ও চীন পরীক্ষামূলক ডিজিটাল মুদ্রা চালু করেছে।
বৈশ্বিক প্রেক্ষাপটে দেশে ডিজিটাল মুদ্রার চালুর সম্ভাব্যতা নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংকও।
এজন্য আইন সংশোধন, মনিটরিং আইন, মনিটরিং ইউনিট পুনর্গঠনসহ বেশকিছু সুপারিশ তুলে ধরেন বক্তারা।
তবে সাইবার নিরাপত্তাসহ নানা কারণে বাংলাদেশই এখনই ডিজিটাল মুদ্রা চালুর অবস্থায় নেই বলে জানান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী।
তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও ৪ থেকে ৫ বছর সময় লাগবে। রাষ্ট্রের নীতি অনুযায়ী লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে।
এছাড়া বর্তমানে বিশ্বের ১২২ টি দেশ পরীক্ষামূলক ডিজিটাল মুদ্রা চালুর প্রক্রিয়ায় আছে বলেও সভায় জানানো হয়।
উল্লেখ্য, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি হচ্ছে এমন একটি ডিজিটাল মুদ্রা,
যেটি কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দেবে ও লেনদেন তত্ত্বাবধান করবে।
এই ডিজিটাল মুদ্রায় কেনাকাটা, লেনদেন বা অর্থ পরিশোধ সবই হবে দ্রুততম সময়ে।
আরও পড়ুন :
