লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের ওজন স্টেশনে প্রতিবছর দুই কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
পণ্যভেদে প্রতি ট্রাক থেকে নেয়া হয় ১৫০ থেকে ২৫০ টাকা। এদিকে বিষয়টি যেন সময় সংবাদে প্রচার না হয়,
সে জন্য প্রতিবেদককে ম্যানেজ করারও চেষ্টা করেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।
বুড়িমারী স্থলবন্দরের ওজন স্টেশনের সরেজমিন চিত্র বলছে, ওজন স্টেশনে আসা প্রতিটি ট্রাকের চালকদের কাছ থেকে প্রকাশ্যে আদায় করা হচ্ছে চাঁদা, যা একটি নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে।
পণ্যভেদে প্রতিটি ট্রাক থেকে ১৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত চাঁদা নেয়া হচ্ছে।
তবে এ জন্য কোনো রশিদ দেয়া হচ্ছে না। আবার টাকা না দিয়ে প্রতিবাদ করলেই চালকদের নানাভাবে হয়রানি করা হয়।
এক ট্রাকচালক অভিযোগ করে বলেন, ‘আমরা যে চাঁদা দিচ্ছি। এর জন্য আমাদের কোনো রশিদ দেয়া হয় না।
তা ছাড়া সিঅ্যান্ডএফ আগে ৪৫০ থেকে ৫০০ টাকা নিতো। এখন ৫৫০ টাকা নিচ্ছে।’
এদিকে স্থলবন্দরের ওজন স্টেশনে ৩টি ওজন পরিমাপক মেশিন থাকলেও চাঁদাবাজির সুবিধার জন্য দুটি বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে এক ব্যবসায়ী বলেন, যদিও এখানে ৩টি দৃশ্যমান স্কেল রয়েছে। কিন্তু সারা দিনে চলে একটি। ৩টি সবসময় চলে না।
তবে চাঁদাবাজির ঘটনার ছবিগুলো মুছে ফেলতে প্রতিবেদককে একটি রুমে ডেকে নিয়ে বসানোর পর স্থলবন্দর পরিদর্শক মাসুদ ও ওয়্যার হাউস সুপারিনটেনডেন্ট আশরাফুল প্রতিবেদককে টাকা সাধেন।
টাকা নিতে অস্বীকৃতি জানালে বন্দরের পরিচালকের সঙ্গে কথা বলতে অনুরোধ করেন তারা।
তবে ট্রাক থেকে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মো. গিয়াস উদ্দিনের দাবি বহিরাগতরা এসব চাঁদাবাজি করছে।
তিনি বলেন, ‘এখানে চাঁদাবাজির অভিযোগ আমার কাছে এসেছে। এটি মূলত বন্দরের বাইরে হয়। এখানে একটি চক্র সক্রিয় রয়েছে।
তা ছাড়া এই চাঁদাবাজির সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছেন। আমরা এ ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছি। আশা করি খুব শিগগিরই এটি বন্ধ হবে।’
উল্লেখ্য, এ বন্দর দিয়ে পাথর, ভুট্টা, গম ও ভুসিসহ বিভিন্ন আমদানি পণ্য নিয়ে ভারত ও ভুটান থেকে প্রতিদিন চার শতাধিক ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

Comments are closed.