ব্যাংকগুলো এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) রাখা বৈদেশিক মুদ্রা তহবিল জামানত হিসেবে ব্যবহার করে দেশে কার্যরত কোম্পানি ও ব্যক্তিপর্যায়ে টাকায় ঋণ দিতে পারবে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরাও তাঁদের ওবিইউতে জমাকৃত বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে রেখে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন ।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনিবাসী হিসাবধারীদের ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা ডমেস্টিক ব্যাংকিং ইউনিটের মাধ্যমে টাকায় ঋণ প্রদানের ক্ষেত্রে জামানত হিসেবে ব্যবহারের সুযোগ থাকবে। বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশি ও বিদেশে নিবন্ধিত কোম্পানিগুলো বৈদেশিক মুদ্রায় ওবিইউতে আমানত রাখতে পারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে।
এছাড়া দেশে কার্যরত কোম্পানি ও ব্যক্তি যারা অনিবাসি হিসাবধারীর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য হবে। তবে ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে ঋণগ্রহীতা ও হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক রয়েছে। ব্যাংকগুলো এসব জামানতের বিপরীতে শুধু স্বল্পমেয়াদি চলতি মূলধনী ঋণ দিতে পারবে। এ ঋণের জন্য কোনো জামানত চার্জ বা ফি নেওয়া যাবে না। প্রয়োজনে ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ঝুঁকি সামলাতে জামানতের কিছু অংশ মার্জিন হিসেবে রাখতে পারবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে- ঋণ পরিশোধে ব্যর্থ হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ওই বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ঋণ সমন্বয় করা যাবে। ওবিইউ ছাড়াও প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট (পিএফসিএ) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনআরএফসিডি) অ্যাকাউন্টে থাকা অর্থও জামানত হিসেবে ব্যবহার করা যাবে। তবে ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্টের অর্থ এ সুবিধার আওতায় পড়বে না।
বাংলাদেশে পরিচালিত বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলো এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে। তারা বলছে, স্থানীয়ভাবে জামানত দেওয়া অনেক সময় সম্ভব হয় না। এখন বিদেশি বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের রাখা বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে রেখে সহজেই ঋণ নেওয়া যাবে, যা বিনিয়োগে গতি আনবে ।
তবে ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে, ঋণগ্রহীতা ও হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, প্রবাসী বাংলাদেশি ও তাঁদের স্থানীয় সুবিধাভোগী, বিদেশি শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট বিদেশি মালিকানাধীন কোম্পানি ইত্যাদি।

2 Replies to “কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা :ডলার জামানত রেখে টাকায় ঋণ নেওয়ার সুযোগ”
Comments are closed.