ফেনীর পৌর সবজির পাইকারি বাজারে গত সপ্তাহের তুলনায় কমছে সবজির সরবরাহ। এতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। বিক্রেতারা বলছেন, শীত মৌসুমের শাকসবজির জোগান কমতে থাকায় দাম বেড়েছে।
ফেনীর দাউদপুর খাজা আহম্মদ পৌর সবজির বাজার। ভোর থেকেই এ বাজরে বসে বাহারী সবজির পসরা। আশপাশের বিভিন্ন এলাকা থেকে শীতকালীন শাকসবজির পাশাপাশি বিভিন্ন জেলা থেকে তাজা সবজি কিনতে বাজারে আসেন ক্রেতা বিক্রেতা।
খুচরা ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি দরে বিভিন্ন কাঁচাপণ্য কেনেন। এসব সবজি তারা শহরসহ জেলা ও উপজেলার হাটবাজারে বিক্রি করেন। এদিকে সরবরাহ কম থাকায় সবজির দাম আগের তুলনায় বেড়েছে ২ থেকে ৪ টাকা।
বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা বেড়েছে। তারা বলেন, শীত শেষের দিকে হওয়ায় সরবরাহ কমেছে। এতে দাম কিছুটা বাড়তি।
বিক্রেতারা জানান, আলু প্রতি কেজি ১৮ থেকে ১৯ টাকা, ফুলকপি প্রতি পিচ ১৫ থেকে ২০ টাকা, পাতা কপি ১০ টাকা ও কাঁচা মরিচ প্রতি কেজি ৭৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ঝিঙা প্রতি কেজি ৩৫ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা, শসা প্রতি কেজি ২৮ টাকা ও পুঁইশাক প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
আর বেগুন প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকা, মুলা প্রতি কেজি ১৮ থেকে ২০টাকা, বরবটি প্রতি কেজি ৩৫ টাকা, তিতা করোলা প্রতি কেজি ৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ১৫ টাকা, লাউ পিচ প্রতি ৩০ থেকে ৪০ টাকা ও গাজর প্রতি কেজি ২০ থেকে ২২ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া সিম প্রতি কেজি প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা, ধনিয়া পাতা প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, টমেটো প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা ও খিরা ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জেলার সবচেয়ে বড় এই পাইকারি সবজি বাজারে আড়ত সংখ্যা ৬০ থেকে ৬৫টি। এর প্রতিটিতে গড়ে প্রতিদিন চার থেকে পাঁচ লাখ টাকার সবজি বিক্রি হয়।
