সরবরাহ কমায় মানিকগঞ্জে বেড়েছে সবজির দাম

সাপ্তাহিক ছুটির দিনে সরবরাহ কমায় মানিকগঞ্জে বেড়েছে বেশির ভাগ সবজির দাম।

বেগুন, শসা ও পটোলের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। সবজির দাম বাড়ায় হতাশ সাধারণ ভোক্তারা।

সরেজমিন মানিকগঞ্জের জাগীর বন্দর সবজির আড়তে দেখা যায়, রমজানে সাপ্তাহিক ছুটির দিনে কৃষক ও পাইকারের বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে এ হাট।

সপ্তাহ ব্যবধানে হাটে কমেছে সবজির সরবরাহ। এতে পাইকারি পর্যায়ে দাম বেড়েছে বেশির ভাগ সবজির।

বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ৩০ থেকে ৩২ টাকা।

এ ছাড়া গত সপ্তাহে শসা ২০ থেকে ২২ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫ টাকায়। আর ৫ টাকা বেড়ে পটোল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।

বাজারে বেড়েছে অন্যান্য সবজির দামও। প্রতিকেজি পেঁয়াজ ২৩ থেকে ২৪ টাকা, প্রতিকেজি ঝিঙ্গা ৪০ থেকে ৪৫ টাকা,

প্রতিকেজি চিচিঙ্গা ৫০ থেকে ৫৫ টাকা, প্রতিকেজি আলু ২১ থেকে ২২ টাকা ও বরবটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

তবে দাম কমেছে কাঁচা মরিচ, শজনে, করলাসহ বেশ কয়েকটি সবজির। বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়।

গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ৪২ থেকে ৪৪ টাকায়। এ ছাড়া করলা গত সপ্তাহে ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে দাম কমে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়।

আর শজনে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।

কৃষকদের দাবি, চলতি বছর বৃষ্টি কম থাকায় কমেছে ফলন। পাশাপাশি বেড়েছে উৎপাদন খরচও। এতে সরবরাহ কম থাকায় বেড়েছে দাম।

এদিকে বাজারে বেগুন, শসা, পটোলসহ অন্যান্য সবজির দাম চড়া থাকায় বিপাকে সাধারণ ভোক্তারা।

তারা বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে, যা দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। এ অবস্থায় নিয়মিত বাজার মনিটরিংয়ের দবি তাদের।

বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ কম থাকার পাশাপাশি রমজানের কারণে কমেছে ক্রেতাদের চাহিদা। ফলে সবজি বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে।

আরও পড়ুন:

এনএএন টিভি