এখন থেকে কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না ব্যাংক

এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে রায় দিয়েছেন হাই কোর্ট। পাশাপাশি বিভিন্ন আদালতে চলমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের দায়ের করা সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঋণ আদায়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো শুধু ২০০৩ সালের অর্থঋণ আইনে বর্ণিত উপায়ে অর্থঋণ আদালতে মামলা করতে পারবে।

বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাই কোর্ট বেঞ্চ বুধবার (২৩ নভেম্বর) এ রায় দেন। ঋণ আদায়ের জন্য এক ব্যক্তির বিরুদ্ধে ব্র্যাক ব্যাংকের করা চেক ডিজঅনার মামলা বাতিল করে এ রায় দেন আদালত। রায়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি হাই কোর্টের নির্দেশনা জারি করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সব ধরনের ঋণের বিপরীতে ইন্স্যুরেন্স কাভারেজ দিতে কেন্দ্রীয় ব্যাংককে রায়ে নির্দেশনা দিয়েছেন হাই কোর্ট।

পরে ব্র্যাক ব্যাংকের আইনজীবী সাইফুজ্জামান তুহিন সাংবাদিকদের বলেন, হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
রায়ের পর্যবেক্ষণে হাই কোর্ট বলেন, ব্যাংক ঋণের বিপরীতে যে চেক নিচ্ছে সেটা জামানত। বিনিময়যোগ্য দলিল নয়। জামানত হিসেবে রাখা সেই চেক দিয়ে চেক ডিজঅনার মামলা করা যাবে না।

আদালত বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি চুক্তির মাধ্যমে ঋণ নেওয়া হয়ে থাকে। ব্যাংকের কিছু দুর্নীতিবাজ, অসাধু কর্মকর্তা নিজেদের স্বার্থে, তাদের হিডেন এজেন্ডা বাস্তবায়নে চেকের অপব্যবহার করে মামলা করে থাকেন। তাদের ব্যবহার দাদন ব্যবসায়ীদের মতো।

পর্যবেক্ষণে আরও বলা হয়, ব্যাংক হওয়ার কথা ছিল গরিবের বন্ধু, কিন্তু তা না হয়ে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গরিবের রক্ত চুষছে। এটা হতে পারে না। যারা হাজার কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হচ্ছে, তাদের ঋণ মওকুফ করার কথা শুনি। কিন্তু কোনো গরিবের ঋণ মওকুফ করার কথা কোনো দিন শুনিনি। নীলকর চাষিদের মতো, দাদন ব্যবসায়ীদের মতো যেনতেন ঋণ আদায় করাই তাদের লক্ষ্য। ঋণ আদায়ের জন্য অর্থঋণ আইনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মামলা দায়ের না করে চেক ডিজঅনার মামলা করছে। এ কারণে আমাদের ক্রিমিনাল সিস্টেম প্রায় অকার্যকর হয়ে গেছে। তাই এখন থেকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান শুধু অর্থঋণ আদালতে মামলা দায়ের করতে পারবে। অন্য কোনো আইনে নয়।

Share this news as a Photo Card