বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানোর পর কমতে শুরু করেছে ডেনমার্কের মূল্যস্ফীতি। টানা দুই মাস ধরে দেশটির মূল্যস্ফীতি নিম্নমুখী রয়েছে। এ ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার (৯ জানুয়ারি) স্ট্যাটিস্টিকস ডেনমার্ক জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় বিদায়ী বছরের ডিসেম্বরে খাদ্যমূল্য সূচক ৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। যা গত নভেম্বরে ছিল ৮ দশমিক ৯ শতাংশ। আর গত অক্টোবরে দেশটির মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ১ শতাংশ। যা বিগত চার দশকের মধ্যে সর্বোচ্চ।
আরবেজডারনে ল্যান্ডসব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জেপ্পে জুল বোরে বলেন, ‘আবারও মূল্যস্ফীতির হার কমতে দেখা খুবই স্বস্তির বিষয়। ২০২৩ সালেও এ ধারা অব্যাহত থাকবে কারণ বিশ্বব্যাপী খাদ্যের দাম কমছে। সেই সঙ্গে জাহাজ ভাড়া ও কাঁচামালের দামেও নিম্নমুখী।
এদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতিকে অর্থনীতির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে।
ডেনিশ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদায়ী বছরের নভেম্বর থেকে ডিসেম্বরে দেশটিতে পণ্যমূল্য শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। কারণ বিদ্যুতের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে। অন্যদিকে পেট্রোল ও ডিজেলের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমেছে।
