জনস্বার্থে গ্যাসের দাম পুনর্নির্ধারণের অনুরোধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
বুধবার (২৫ জানুয়ারি) এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এ চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এতে বলা হয়েছে, আপনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ কাঙ্ক্ষিত উন্নয়নের পথে দৃপ্ত গতিতে এগিয়ে চলেছে। আপনার বিচক্ষণ পরিকল্পনা ও আন্তরিক প্রয়াস আমাদের অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তি দিয়েছে।
বাংলাদেশকে বিশ্বের দ্রুততম অগ্রসরমান অর্থনীতি উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আপনার সুপরিকল্পিত পরিকল্পনা সুষম বাস্তবায়নের ফলে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে বাংলাদেশ।
জসিম উদ্দিন বলেছেন, ‘আপনার (প্রধানমন্ত্রীর) দিকনির্দেশনা ও বিচক্ষণ পরিকল্পনা এবং আন্তরিক প্রয়াসে কোভিড-পরবর্তী বিদ্যমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করে যখন আমরা সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সে মুহূর্তে গ্যাসের দাম বাড়ানো আমাদের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে আমরা আশঙ্কা করছি।’
প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়ন, এসডিজি অর্জন ও ট্রিলিয়ন ডলার ইকোনমিতে পদার্পণ করতে বাংলাদেশে অধিকতর বিনিয়োগ ও টেকসই শিল্পায়নের বিকল্প নেই বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।
চিঠিতে বলা হয়েছে, চাহিদা অনুযায়ী স্পট মার্কেট থেকে জ্বালানি গ্যাস কেনা হলে উৎপাদন খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার শর্তে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ক্যাপটিভ-এর ক্ষেত্রে গ্যাসের দাম প্রতি কিউবিক মিটার ১৬ টাকার স্থলে সর্বোচ্চ ২৫ টাকা অর্থাৎ ৫৭ শতাংশ বাড়ানো যেতে পারে বলে প্রস্তাব দেয়া হয়েছিল।
তবে ক্যাপটিভ খাতে গ্যাসের দাম ৮৭ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, পাশাপাশি বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্প খাতে ব্যবহৃত গ্যাসের বর্তমান হার যথাক্রমে ১১ টাকা ৯৮ পয়সা, ১১ টাকা ৭৮ পয়সা ও ১০ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে সকল স্তরে একই হার ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ খাতে ব্যবহৃত গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে নতুন মূল্য কার্যকর করার কথা বলা হয়েছে।
সরকার প্রধানের উদ্দেশ্যে চিঠিতে এফবিসিসিআই সভাপতি বলেন, কোভিড মহামারি ও ইউক্রেন সংকটের ফলে বিশ্বব্যাপী খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও উৎপাদন উপকরণসহ সব খাতে ব্যাপক মূল্য বৃদ্ধি; সে সঙ্গে সার্বিক পরিবহন ব্যয় এবং মুদ্রা বিনিময় হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ব্যবসা পরিচালনার খরচ অত্যধিক বেড়ে চলেছে।
এতে শিল্প কারখানাগুলো সচল রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
এ পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানো শিল্পখাতে আরও নেতিবাচক প্রভাব ফেলবে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, এতে ব্যবসা পরিচালনা খরচ আরও বেড়ে যাবে। একইসঙ্গে স্থানীয় শিল্প ও রফতানি খাতের প্রতিযোগিতা সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে অত্যাধিক হারে গ্যাসের দাম বাড়ানোর প্রভাবে এ খাতের শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি বিবেচনায় গ্যাসের দাম সমন্বয়ের বিপক্ষে আমরা নই। সকল ভোক্তাদের ওপর চাপ না দিয়ে জ্বালানি খাতের রাজস্ব সমন্বয়ের মাধ্যমে বর্তমান মূল্য থেকে আমাদের প্রস্তাবিত ৫৭ শতাংশ হারে বাড়িয়ে ক্যাপটিভ এবং অন্যান্য খাতে গ্যাসের দাম পুনঃনির্ধারণের জন্য আপনার (প্রধানমন্ত্রীর) সদয় নির্দেশনা কামনা করছি, যা আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হতে পারে। সেই সঙ্গে উৎপাদন খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিতের বিষয়ে আপনার (প্রধানমন্ত্রীর) নির্দেশনা কামনা করাছি।
এদিকে একই দিনে (২৪ জানুয়ারি) তৈরি পোশাক খাতে গ্যাসের দাম ক্রমান্বয়ে বাড়ানো এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদকে চিঠি দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
এর আগে ১৮ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিদ্যুতের পর শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়। যা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
