উত্তরার বিমান বিধ্বস্ত ঘটনায় আজ সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশের সব সিনেমা হল বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র সেকশনের ভবনে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিকট বিস্ফোরণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এ ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ২৭ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনাটি পুরো জাতিকে গভীর শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে।

সরকার ইতোমধ্যে মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোকদিবস হিসেবে ঘোষণা করেছে। সেই সিদ্ধান্তে সম্মান জানিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি এক বিবৃতিতে দিনটিতে দেশব্যাপী সকল সিনেমা হলের প্রদর্শনী বন্ধ রাখার আহ্বান জানায়

সংগঠনটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল সোমবার (২১ জুলাই) রাতে এক লিখিত বিবৃতি দিয়ে এই অনুরোধ করেন।

বিবৃতিতে তিনি বলেন, উত্তরার দিয়াবাড়ীতে বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিশু মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের সুচিকিৎসা মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছি।

আওলাদ হোসেন উজ্জ্বল আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সঙ্গে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে দেশের সব সিনেমা হলের সকল প্রদর্শনী বন্ধ রাখার জন্য সিনেমাহল মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

সোমবার (২১ জুলাই) দুপরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের জুনিয়র সেকশনের ভবনে আছড়ে পড়ে। এতে মুহূর্তেই বিকট বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে

দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় শতাধিক।

 

এনএএন টিভি