সৌরভ-শাহরুখ আলিঙ্গন করলেন পুরোনো দ্বন্দ্ব ভুলে

ভারতীয় ক্রিকেটের রাজা সৌরভ গাঙ্গুলি ও বলিউড বাদশাহ শাহরুখ খান বহু দিন পর একফ্রেমে ধরা দিলেন। পুরোনো দ্বন্দ্ব ভুলে শুধু সুখস্মৃতিতে মাতলেন দুই জগতের এই দুই সুপারষ্টার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ডব্লুপিএল (উইমেন্স প্রিমিয়ার লীগ)-এর উদ্বোধনের আগেই দর্শকরা পেলেন নতুন চমক। ক্রিকেট মাঠে পুরোনো তিক্ততা ভুলে সৌরভকে দেখে ছুটে এসে আলিঙ্গন করলেন শাহরুখ খান।

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আসরে তাদের দেখা হয়েছে, কথা হয়েছে দুজনের মধ্যে। গত বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন দুজনে। তাদের উষ্ণ আলিঙ্গন আর মিষ্টি আলাপচারিতার ঝলক এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

নিজের হোয়াট্‌সঅ্যাপ চ্যানেলে সেই ভিডিও শেয়ার করেছেন সৌরভ। মহারাজ লিখেছেন, ‘বহু দিন পর শাহরুখের সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগল। ডব্লিউপিএলের সকল দলকে নতুন মওসুমের শুভেচ্ছা।’

ডব্লুপিএল-এর প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলি, দলের জার্সি গায়েই মেয়েদের অনুশীলন দেখতে এসেছিলেন। অন্যদিকে খবর, নারী আইপিএলের উদ্বোধনী মঞ্চ কাঁপাবেন শাহরুখ, মহড়ার জন্যই স্টেডিয়ামে পৌঁছেছিলেন তিনি।

একটা সময় শাহরুখের মালিকানাধীন কেকেআরকের অধিনায়ক ছিলেন সৌরভ। কিন্তু টিমের লাগাতার ব্যর্থতার মাঝে সৌরভ গদি হারান। সেসময় কেকেআরের অধিনায়কত্ব হারানো নিয়েই শাহরুখ-সৌরভের মাঝে শুরু হয়েছিল তিক্ততা।

বছর চারেক আগে গৌতম ভট্টাচার্য্যর সঙ্গে তার ইউটিউব শো জিবি কর্ণারে কথা বলার সময় সৌরভ খোলাখুলি জানিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজিদের উচিত ক্রিকেটীয় বিষয়ে নাক না গলানো। তিনি ক্যাপ্টেন থাকার সময় নাইট রাইডার্সে স্বাধীনতা পাননি বলে স্পষ্ট জানিয়েছিলেন মহারাজ।

 

 

এনএএন টিভি