বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারে ইতিহাস গড়তে চলেছেন দক্ষিণ কোরিয়ার মেয়েদের ব্যান্ড ব্ল্যাকপিংকের অন্যতম সদস্য লিসা (লালিসা মনোবাল)। তিনিই প্রথম কোরিয়ান পপতারকা যাকে গাইতে দেখা যাবে অস্কারের মঞ্চে।
লিসার এ অভিষেক বিশ্ব কে-পপ শিল্পের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত। জানা যায়, অস্কারে নিজের নতুন গান ‘বর্ন অ্যাগেইন’র মনোমুগ্ধকর পরিবেশনা করবেন লিসা।
কোরিয়ার এ তারকার সঙ্গে সুর মেলাবেন ব্রিটিশ গায়িকা রেই ও আমেরিকান র্যাপার ডোজা ক্যাট। তিন সংগীতশিল্পীর সৃষ্টি ‘বর্ন অ্যাগেইন’ গানটি লিসার নতুন অ্যালবাম ‘অল্টার ইগো’র। চলতি বছর ২৮ ফেব্রুয়ারি মুক্তি পায় অ্যালবামটি।

লিসার নতুন এ গান মুক্তির পরপরই দারুণ সাড়া ফেলেছে সংগীত জগতে। সংগীতপ্রেমিদের ভালোবাসায় গানটি বিলবোর্ড হট ১০০ চার্টে ৬৯ নাম্বারে রয়েছে, যা লিসার একক ক্যারিয়ারের সবচেয়ে উচ্চ অবস্থানে থাকা গান।
প্রসঙ্গত, রোববার (২ মার্চ) লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯৭তম অস্কার পুরস্কারের জমকালো আসর। এ আসরে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন বিখ্যাত কৌতুক অভিনেতা এবং প্রাক্তন লেট-নাইট হোস্ট কনান ও’ব্রায়েন।

