রহস্যময় মৃত্যু হয়েছে কন্নড় সিনেমার জনপ্রিয় পরিচালক গুরু প্রসাদের। নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে পরিচালকের গলিত লাশ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, বেশ কয়েকদিন ধরেই ঘর থেকে বের হচ্ছিলেন না নির্মাতা। রোববার (৩ নভেম্বর) গুরুপ্রসাদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ অ্যাপার্টমেন্টে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।
জানা যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিচালকের ফ্ল্যাট থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে। ওই সময় গুরুপ্রসাদের গলিত লাশ ঝুলছিল ড্রয়িং রুমের সিলিং ফ্যানে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আর্থিক সংকট আর ঋণ থেকে রেহাই পেতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন গুরুপ্রসাদ। তবে ঘটনার সত্যতা খুঁজে বের করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
কন্নড় ইন্ডাস্ট্রিতে পরিচালনার পাশাপাশি অভিনেতা হিসেবেও জনপ্রিয় ছিলেন গুরুপ্রসাদ। কিছুদিন আগে বিয়েও করেছিলেন। হাতে ছিল ‘আদেমা’সিনেমার কাজ, যা এখনও শেষ হয়নি। এমন পরিস্থিতিতেই চির বিদায় নিলেন ৫২ বছর বয়সী এ নির্মাতা।
