দেশের সংস্কৃতি ধ্বংস হবে বিদেশি ছবি মুক্তি পেলে:জায়েদ

বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি দেয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। তিনি মনে করেন, এ  দেশের  সংস্কৃতি ধ্বংস হবে বিদেশি ছবি মুক্তি পেলে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি বলেন, দেশীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখন সুবাতাস বইছে। এমন সময় বিদেশি সিনেমা মুক্তি দেয়া মানেই দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করার চেষ্টা।

জায়েদ খান আরও বলেন, দেশে ‘পাঠান’ মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে। কারণ হিসেবে তিনি বলেন, ‘ এক কোটি টাকা বাজেটের সিনেমা কখনোই একশ কোটির সাথে পাল্লা দিয়ে টিকতে পারবে না।’

সাফটা চুক্তির মাধ্যমে সিনেমা যে আমদানি রফতানি হয় সে প্রসঙ্গে জায়েদ বলেন, বিদেশে আমাদের ছবি রফতানি করা হলেও সে ছবি প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে বাক্সবন্দি করে রাখা হয়।

আরও পড়ুন: ঢালিউড চিত্রনায়িকা ববি গুরুতর অসুস্থ

তাই জায়েদ দাবি করেন, বাংলাদেশে সাফটা চুক্তির মাধ্যমে পাঠান প্রেক্ষাগৃহে এলে ভারতেও তার ছবি, বাংলাদেশের ছবি মুক্তি দিতে হবে।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির অবস্থান বিদেশি সিনেমার পক্ষে। তারা বলছেন, দেশে বলিউডের সিনেমা মুক্তিতে আপত্তি নেই, তবে লাভের ভাগ চায় সংগঠনটি।

লাভের এ অংশ দিয়ে শিল্পী সমিতির ফান্ড বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফান্ডের সে অর্থ শিল্পীদের উন্নয়নে ব্যয় করা হবে।

 

Share this news as a Photo Card